1 জন পড়েছেন
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে, দিনাজপুরের বিরল উপজেলায় এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার সম্মিলিত প্রয়াসে কাজিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শিবপুর পর্যন্ত সড়কের দুই ধারে শোভা বর্ধনকারী কৃষ্ণচূড়া ও জারুল গাছের চারা রোপণ করা হয়।
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সামগ্রিক পরিকল্পনা করেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম বলেন: একটি সুস্থ ও সুন্দর বাস যোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। আজ কাজিপাড়া থেকে শিবপুর পর্যন্ত সড়কের দুই ধারে যে কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করা হলো, তা দীঘর্ মেয়াদে এই অঞ্চলের প্রকৃতিকে এক অপরূপ রূপ দেবে।
তিনি বলেন, সরকারি, বে-সরকারি, এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর এই যৌথ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমরা শুধু গাছ রোপণ করেই দায়িত্ব শেষ করব না, এগুলো যেন বড় হতে পারে তার জন্য নিয়মিত দেখ ভালের ব্যবস্থা করা হবে।
উৎসবমুখর পরিবেশে চারা রোপণ ও মিষ্টি মুখ কর্মসূচি চলাকালীন পুরো এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ পথচারীরা অত্যন্ত উৎসাহের সাথে চারা রোপণ কাজে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত সকল শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, পথচারী এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে চকলেট, সিঙ্গাড়া ও ঐতিহ্যবাহী জিলাপি বিতরণ করা হয়।
প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশ বান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।