2 জন পড়েছেন
দিনাজপুরের বিরল উপজেলায় পরিবেশবান্ধব ও লাভজনক আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ফসলের মাঠে লাইন ও লোগো কার্যক্রমে কৃষকদের সাথে মাঠ পরিদর্শন হয়েছে।
উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের বিভিন্ন ব্লকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও টিম ডিএই-এর পরিচালনায় সফলভাবে এগিয়ে চলছে।
সম্প্রতি শহরগ্রাম ইউনিয়নের ফসলি মাঠে চলমান এই আধুনিক লাইন ও লোগো কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন, বিরল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা হক আঁখি।
পরিদর্শনকালে তাঁর সাথে টিম ডিএই বিরলের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক চাষাবাদের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রথাগত চাষাবাদের চেয়ে লাইন ও লোগো পদ্ধতি কৃষকদের জন্য অত্যন্ত সাশ্রয়ী এবং লাভজনক। সারিবদ্ধভাবে (লাইন) চারা রোপণ করলে প্রতিটি চারা পর্যাপ্ত আলো ও বাতাস পায়। আর প্রতি ১০ লাইন পর পর নির্দিষ্ট ফাঁকা জায়গা (লোগো) রাখার ফলে জমিতে খুব সহজেই নিড়ানি দেওয়া, সার ও পরিমিত বালাইনাশক প্রয়োগসহ সব ধরনের আন্তঃপরিচর্যা করা যায়।
তিনি আরও বলেন, এই লোগো পদ্ধতির কারণে জমিতে ক্ষতিকারক বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার আক্রমণ একেবারেই কমে যায়। আলো-বাতাস চলাচলের কারণে ছত্রাকজনিত রোগের হাত থেকেও ফসল রক্ষা পায়। ফলে কৃষকদের অতিরিক্ত কীটনাশক ব্যবহারের খরচ বেঁচে যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ইতিবাচক।
বিরল উপজেলার শতভাগ জমিতে এই পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে টিম ডিএই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের ফলন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমিয়ে লাভ দ্বিগুণ করার লক্ষ্যে এই ধরণের মাঠ পরিদর্শন ও পরামর্শ প্রদান কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।