2 জন পড়েছেন
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে শিবির মিডিয়া সেল নামে একটি পেজে প্রচারিত ভিডিও এআই দাবি করে সর্বস্তরের সনাতনী সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে দেবীগঞ্জ ডোমারের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র রায়ের সভাপতিত্বে দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হরিশ চন্দ্র রায়, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মদন মোহন রায়, সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়, চেংঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনীল চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি ভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিবির মিডিয়া সেলের মাধ্যমে পরিচালিত মিডিয়া সেলটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হনন করে। শিবির মিডিয়া সেলে প্রচারিত এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করে সম্মানহানীর চেষ্টা করা হচ্ছে। এটা নিশ্চিত যে একটি দলের পক্ষ থেকে পরিচালিত মিডিয়া সেলের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। তারা নাকি বলছে এটা সত্যি। সবাই এটা নিশ্চিত করে বলছেন যে, ছবিটির সাথে আজাদ ভাইয়ের সাথে কোন মিল নাই। মাথা আলাদা আর বডি আলাদা।
বক্তারা আরও বলেন, মাননীয় মপ্রতিমন্ত্রী মহোদয় সারাদিন তার অফিস আর কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এসব বাজে মনোভাব আর চিন্তা করার কোন সময় তার নেই। তার জনপ্রিয়তা আর সুনাম ক্ষুন্ন করার জন্যই এআই দিয়ে তৈরি করা ভিডিওর মাধ্যমে তার সম্মানহানি করা হচ্ছে। বক্তারা গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।