দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানটির এমন ঈর্ষণীয় ফলাফলে উৎসবে মেতেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন থেকে মোট ১৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাশ করেছে। এ গ্রেড পেয়েছেন ৬২ জন এবং এ মাইনাস পেয়ে পাশ করেছে ১৪জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাড়িয়েছে ১০০ শতাংশে।
এই ফলাফলের মধ্যদিয়ে উপজেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে বিদ্যালয়ের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে অভিভাবক মোঃ মীর কাশেম লালু বলেন, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার মানের ধারাবাহিক উন্নতি বীরগঞ্জবাসীর জন্য আশাব্যঞ্জক। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বীরগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ্ব আমিরুল বাহার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা এবং ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন বীরগঞ্জের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সায়েম জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক জিপি এবং ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মুহম্মদ নূরুল ইসলাম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল এই সাফল্য। দেশ গড়ার প্রত্যয়ে তোমাদের অবিরাম শুভকামনা। পাশাপাশি, শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে সকল অভিভাবকের ত্যাগ এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন