ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, চারদিকে যে খুন ও হত্যাযজ্ঞ চলছে, বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি এসবের যাতে পুনরাবৃত্তি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়, সেটাও আমাদের দাবি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর রূপকথা থিমপার্ক কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নুরুল ইসলাম সাদ্দাম সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।পাশাপাশি প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবিও রয়েছে।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটের লং মার্চ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি রয়েছে।
এর আগে একই দিন রংপুরে এসে ১১ দলীয় ঐক্যের লং মার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে নানা অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার ওই বক্তব্যের প্রেক্ষিতেই সাংবাদিকরা তাকে এ বিষয়ে প্রশ্ন করেন।
এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে শিবির সভাপতি দাবি করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে।
তিনি আরও বলেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন করা হচ্ছে না। শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ক্ষোভ জানান তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিরোধী দল বা এগারো দল যে কর্মসূচি পালন করছে, ইসলামী ছাত্রশিবির তাতে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা করছি।
বিরোধীদলগুলোর সাত দফা দাবি সরকার বাস্তবায়ন করছে- রাশেদ খাঁনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাস্তবায়ন করা হলে লং মার্চের প্রয়োজন হতো না। গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি বলেই আন্দোলন চলছে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন