মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে রংপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। রংপুর জেলা পুলিশের আয়োজনে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে এ খেলা ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ দেশের অন্যতম বড় শক্তি। তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। পাশাপাশি এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
রংপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপে জেলার আটটি থানার দল অংশগ্রহণ করছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কাউনিয়া থানা ও রংপুর সদর কোতোয়ালি থানার দল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু রায়হান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন