নীলফামারীর জলঢাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নবদম্পতি মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ দিঘিরপাড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্ব রায়ের ছেলে পলাশ রায় (২২) এবং তার স্ত্রী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানি (১৯)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পলাশ রায়ের সাথে মনি রানির বিয়ে হয়। রোববার সন্ধ্যায় পলাশ তার স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ডোমার উপজেলা থেকে জলঢাকার কালীগঞ্জ ডাঙ্গাপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তারা কালীগঞ্জ দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, "সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন