দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের প্রতিশ্রুতিতে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের দুই বছর পর বিয়েতে আপত্তির অভিযোগে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণীর নাম সুমাইয়া (১৮)। তিনি হরিরামপুর ছোট ভাটিপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। আর অভিযুক্ত প্রেমিক আরিফুল (২৪) একই ইউনিয়নের শেখপাড়া গ্রামের আজাহার ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুমাইয়া ও আরিফুলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতিতে রূপ নেয় বলে সুমাইয়ার দাবি। তবে সম্প্রতি আরিফুল বিয়েতে আপত্তি জানিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন সুমাইয়া।
এরপর সোমবার সকালে বিয়ের দাবিতে আরিফুলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুমাইয়ার দাবি, প্রেমের সম্পর্ক চলাকালে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন বিয়েতে অস্বীকৃতি জানানোয় তিনি বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে ঘটনার সময় আরিফুল বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে সুমাইয়ার অভিযোগের বিষয়ে তার পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সমাধানে পরিবারের সদস্য ও স্থানীয়দের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন