9 জন পড়েছেন
স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী-২০২৬।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষাগত উৎকর্ষতা সহায়তা কর্মসূচি (ইইএসএস), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, বীরগঞ্জ-এর সহযোগিতায় এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। প্রদর্শনীতে প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাঁদের পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও স্টার্টআপ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রদর্শনী পরিদর্শন শেষে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, আজকের এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখার একটি মঞ্চ। বর্তমান বিশ্বে যে জাতি জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই জাতিই নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বীরগঞ্জের তরুণ প্রজন্মের মেধা ও সৃজনশীলতা আমাকে মুগ্ধ করেছে। তারা সুযোগ পেলে জাতীয় পর্যায় তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। শুধু চাকরির পেছনে না ছুটে নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। তরুণদের উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের অর্থনীতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা সম্ভব। দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, নতুন নতুন উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।