গাইবান্ধার সাদুল্লাপুরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে তারা মিয়া (৫০) নামে এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে উপজেলার দুটি ভিন্ন মণ্ডপে এক নারীসহ মোট দুই আনসার সদস্যের মৃত্যুর ঘটনা ঘটল।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুরের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ১৮ নম্বর কেন্দ্র—পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মৃত তারা মিয়া সাদুল্লাপুর উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজার শুরু থেকেই তারা মিয়া পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার পূজার শেষ দিনে দুপুরে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্বজনরা জানান, অসুস্থ তারা মিয়াকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সে করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রংপুরে নেওয়ার পথে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা আরও জানান, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালীন সময়ে তারা মিয়া জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মৃত্যুবরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম হাবিবুল ইসলাম বলেন, "পূজার দায়িত্ব পালনকালে আনসার-ভিডিপি সদস্য তারা মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছিল। পথিমধ্যে অবস্থার অবনতি হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের স্বজনেরা তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন।"
উল্লেখ্য, এর আগে গত রোববার (১৮ অক্টোবর) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পারভীন বেগম (৪৬) নামে আরও এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়। নিহত পারভীন বেগম উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে।
পারভীন বেগমও স্থানীয় কিশামত বড়বাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে হঠাৎ পাতলা পায়খানা ও বমিতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন