রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা গ্রন্থ কবি রিয়াজুল হক সরকারের ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মৃধাবাড়ীতে গল্পকথা রেস্টুরেন্ট প্রাঙ্গনে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে আও'র মোড়ক উম্মোচন করা হয়েছে।
এক সময়ের সমৃদ্ধশালী রংপুর অঞ্চলের ভাষা কথায় ও লিখনীতে ব্যবহার না হওয়ায় নতুন প্রজন্ম অনেক শব্দই ভুলে গেছে। হারিয়ে যাচ্ছে এ অঞ্চলের মানুষের চিরায়ত মুখের ভাষা। হারাতে বসা সেই আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়াতে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাব্যগ্রন্থ্য আও রচনা করেন কবি রিয়াজুল হক সরকার। তিনি লালমনিরহাটের শহরের হাড়িভাঙ্গা এলাকার মৃত নবিয়ার রহমান সরকারের ছেলে।
আও বইটিতে ৪০টি কবিতা স্থান পেয়েছে। আও শব্দটির অর্থ কথা। রংপুর অঞ্চলের মানুষের ইতিহাস,ঐতিহ্য, দৈনন্দিন কাজকর্ম,কৃষিযন্ত্রপাতি,আচার অনুষ্ঠান সহ এ অঞ্চলের মানুষের কথা নিয়েই রচিত কাব্যগ্রন্থ আও। নতুন প্রজন্ম আর অন্য অঞ্চলের মানুষের বুঝার স্বার্থে এই বইয়ে রয়েছে আঞ্চলিক কিছু শব্দের অর্থও।
স্থানীয় সমাজ সেবক সংগীতানূরাগী শাহ আলম সরকারের সভাপতিত্বে মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাকল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ সুরেন্দ্রনাথ বর্মা,শিক্ষক অনিমেষ বৈদ্য প্রমুখ।
কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচনে সংক্ষিপ্ত এক আলোচনায় অংশ নেন, অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, নিশি কান্ত রায়, ড.হাফিজুর রহমান, সরমিন আরা হক বিথী, বাদল সাহা, মনসুর সরকার,লিয়াকত আলী ভূঁইয়া, তহমিনা বেগম ইলা,আব্দুস সালাম, সোহেল রানা সহ অন্যরা।
বক্তারা বলেন, আঞ্চলিক ভাষা একটি অঞ্চলের মানুষের জীবনযাপন, আচরন অনুষ্ঠান,অনুভূতি, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও তা তুলে ধরা সম্ভব।
তাঁরা আশা প্রকাশ করেন,কবি রিয়াজুল হক সরকারের ‘আও’ কাব্যগ্রন্থটি রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষাভিত্তিক সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন