নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চাই পারে যুবসমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুগঠিত করার পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 'ফ্রেন্ডস ব্যাচ-২১'-এর উদ্যোগে আয়োজিত 'সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট'-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "আজকের তরুণ ও যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কিন্তু অপসংস্কৃতি, জুয়া ও মাদকের করাল গ্রাস আমাদের তরুণদের সুপ্ত প্রতিভাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কিশোর ও তরুণদের এই বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। ফ্রেন্ডস ব্যাচ-২১ আয়োজক হিসেবে যেভাবে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সুস্থ ক্রীড়া চর্চা কেবল শহরেই নয়, গ্রাম-গঞ্জের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। যুব সমাজ যদি খেলার মাঠে ব্যস্ত থাকে, তবে তারা কখনো অপরাধমূলক কাজে জড়াবে না।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড আমীর মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান এবং সাফি তুর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
'ফুটবলকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি'—এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে উল্লেখ করে ফ্রেন্ডস ব্যাচ-২১ পরিচালনা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও ক্রীড়ামুখী করাই তাদের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, স্থানীয় যুবকদের ক্রীড়ামুখী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে শহরের ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াই করে 'সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশ' ও 'শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ'। রোমাঞ্চকর এই খেলায় মোশাররফ হোসেন পিয়াসের একমাত্র নির্ণায়ক গোলে জয়লাভ করে 'শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ'।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন