ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ৭৭তম জন্মদিন উদ্যাপনের সময় জেরুজালেমের মাহানে ইয়েহুদা বাজারের পাশ দিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এ সময় নেতানিয়াহুকে দেখতে ও শুভেচ্ছা জানাতে রাস্তায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় লাইট রেল পরিষেবাও।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মীরা ব্যারিকেড টপকে ভিড়ের মধ্যে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। তবে এতে নেতানিয়াহুর গাড়িবহরের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
পরে মাহানে ইয়েহুদা বাজারে পৌঁছালে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে জন্মদিনের সংগীত বাজিয়ে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত লোকজনের হাতে লিকুদ পার্টির পাশাপাশি ইরানের সিংহ ও সূর্য প্রতীকসংবলিত পতাকাও দেখা যায়।
ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বোতল নিক্ষেপের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেন।
বেন-গভির বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানি ও তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পরিণতি রয়েছে। বামপন্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘দায়িত্বশীল আচরণ করুন। কথারও প্রাণঘাতী পরিণতি হতে পারে।’
এর আগে বৃহস্পতিবার তেল আবিবের হাটিকভা বাজার পরিদর্শনেও বিরূপ পরিস্থিতির মুখে পড়েন নেতানিয়াহু। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেখানে এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন, ‘আপনি হামাসকে লাখ লাখ টাকা কেন দিয়েছিলেন?’
ওই ব্যক্তি মুঠোফোনে ঘটনাটি ধারণ করতে গেলে সেখানে উপস্থিত লিকুদ পার্টির সমর্থকেরা তার হাত থেকে ফোন ফেলে দেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বাজারে উপস্থিত ছিলেন নিহত জিম্মি গাই ইলুজের বাবা মিশেল ইলুজ, নিহত জিম্মি কারমেল গ্যাটের চাচাতো ভাই গিল ডিকম্যান এবং সাবেক জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাভ জাঙ্গাউকার।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় যারা ক্ষমতায় ছিলেন, তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর দাবি জানাতে সেখানে গিয়েছিলেন তারা। এ সময় মিশেল ইলুজের ওপর হামলা হয়। তবে ওই ঘটনার সময় নেতানিয়াহু সেখানে উপস্থিত ছিলেন না।
এক্সে দেওয়া পোস্টে আইনাভ জাঙ্গাউকার অভিযোগ করেন, তারা নেতানিয়াহুর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে গেলে তাদের ‘বিশ্বাসঘাতক’ ও ‘রাষ্ট্রের শত্রু’ বলা হয়। তাদের দিকে থুতু ও সবজি ছোড়া হয়। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
অন্যদিকে, মিশেল ইলুজ বলেন, বন্দিদশায় ছেলেকে হারানোর শোকের মধ্যে তাকে নাগরিকদের হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনাকে লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনার দাবিতেই তিনি সেখানে গিয়েছিলেন।
আগামী নির্বাচনে গাই ইলুজের কথা মনে রাখার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানান তিনি।
সাবেক জিম্মি রম ব্রাসলাভস্কিও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি রাগে ফুঁসছি, একই সঙ্গে বিষয়টি আমাকে কষ্টও দিচ্ছে।’
ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির আইনপ্রণেতা গিলাদ কারিভও মিশেল ইলুজের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গাইকে যারা পরিত্যাগ করেছেন, তাদেরও জবাবদিহি করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন