2 জন পড়েছেন
দিনাজপুরে অসচ্ছল ক্রীড়াসেবী এবং প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে| যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় জেলার ১১৪ জন অসচ্ছল ক্রীড়াসেবী ও প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীর মাঝে মোট ৬৬ লাখ টাকা বিতরণ করা হয়|
সোমবার (১৫ জুন) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বৃত্তি ও ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়| কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক|
দিনাজপুর জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর জেলায় ৬১ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে| তারা প্রত্যেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে এককালীন ৩০ হাজার টাকা করে পেয়েছেন| এছাড়া ক্রীড়া শিক্ষা বৃত্তির আওতায় মাধ্যমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা হারে এককালীন ১২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩১ জন শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা হারে এককালীন ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে|
দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম| তিনি বলেন, “সরকার ক্রীড়াবিদদের মূল্যায়ন ও তাদের কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে| ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তি সেই উদ্যোগেরই অংশ| এই সহায়তা ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং তাদের ক্রীড়া চর্চা আরও বেগবান করবে|”
তিনি আরও বলেন, “নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে| ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে দিনাজপুর ও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রত্যাশা|”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেকুজ্জামান বাবুসহ স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, কোচ এবং অনুদানপ্রাপ্ত খেলোয়াড়বৃন্দ| অনুষ্ঠান শেষে দিনাজপুরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস এর ফুটবলে রানার্সআপ কিশোর-কিশোরী এবং ক্রিকেটে রানার্সআপ কিশোর দলের ট্রফি হস্তান্তর করা হয়|
উল্লেখ্য,ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন দেশব্যাপী মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি ও চিকিৎসাসেবা বাবদ বিইএফটিএন (ইঊঋঞঘ) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেছে|