18 জন পড়েছেন
দিনাজপুর উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আন্তঃজেলা র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
দিনাজপুরে দাবা খেলাকে জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা বিস্তারের লক্ষ্যে এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স দিনাজপুরের আয়োজনে আন্তঃজেলা র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে মোট ৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা কৌশল, ধৈর্য ও মেধার অসাধারণ সমন্বয় প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১১ জন দাবাড়ুকে বিজয়ী ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স দিনাজপুরের উপদেষ্টা আবু তৈয়ব আলী দুলাল। টুর্নামেন্টে প্রধান বিচারক (আরবিটার) হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আকমল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দাবা এমন একটি খেলা যা মানুষের চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করে। তরুণদের মেধা বিকাশ এবং সৃজনশীল চিন্তার প্রসারে দাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে নতুন নতুন প্রতিভাবান দাবাড়ু তৈরি হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, দিনাজপুরে দাবা চর্চাকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আন্তঃজেলা ও রেটিংভিত্তিক টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে।