দেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদীরা সেই সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে আবারও ঐক্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘এই সংসদ প্রত্যাশার একটা সংসদ। দুটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। একটি নির্বাচনের বাস্তবায়ন হয়েছে, আরেকটি হয়নি। আমরা মনে করি যে, সমস্যা এখন ফ্যাসিবাদীদের আস্ফালন, এইটা হওয়ার এইটাও একটা কারণ। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম, একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।’
বিরোধী দলীয় নেতা বলেন, ‘ক্ষমতা কারও জন্যেই চিরস্থায়ী নয়, এটা অদল-বদলের জিনিস। আল্লাহ নিজেও বলেছেন যে, আমি মানুষের মধ্যে ক্ষমতাকে আবর্তিত করি। এটা আবর্তিত হয়। এই আবর্তনের যে বিষয়টা, এইটা যদি আমরা মেনে নিই, তাহলে কোনো সংস্কার, কোনো সংশোধন— সেটা হোক জাতির জন্যে, আমাদের কারও ব্যক্তিগত অথবা দলগত কোনো সুবিধার জন্য না হোক। আমরা প্রত্যাশা করব শহীদদের আমানত, যোদ্ধাদের আমানত, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা— এই সব কিছুর আলোকে গণভোটের গণরায় এবং জুলাই সনদটা মানুষের প্রত্যাশার আলোকে যেন বাস্তবায়ন হয়। যত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদবিরোধী আমাদের ঐক্য ইনশাআল্লাহ ইস্পাত কঠিন হয়ে উঠবে।’
বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমাদের সেই ঐক্যের সামনে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আমি এটা বিশ্বাস করি না। এই ঐক্যের জায়গা যদি আমরা সঠিক করতে পারি— ফুসফাস, কাপুরুষতা, নাশকতা, অগ্নিসংযোগ এই সবকিছুকে মোকাবিলা করে ইনশাআল্লাহ জাতি তার প্রত্যাশার বন্দরে গিয়ে ভিড়বে। আমরা সেই জায়গাটা দেখতে চাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা বারবারই বলে আসছি যে, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, এটি সন্ত্রাসবিরোধী সংসদ, এটি আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১৪০০ শহীদের তাজা রক্তের উপরে এবং সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি। সাড়ে ১৫ বছরের আগে হাজার হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে হয়েছে, কাস্টোডিয়াল টর্চারের শিকার হতে হয়েছে, আয়নাঘরের সঙ্গী হতে হয়েছে। অজানা লোকগুলা ওই অবস্থা থেকে এখনো ফিরে আসেননি। তার ক্ষতচিহ্ন নিয়ে আমরা এই সংসদে বসেছি।’
দেশ, বিপুল সংখ্যক মানুষ। এই ল্যান্ড টেনে আমরা বড় করতে পারব না। আমরা ল্যান্ডে বহু সংখ্যক মানুষকে কর্মে নিয়োগ করতে পারব না, এই সামর্থ্য আমাদের নাই। কিন্তু যদি ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে এবং এগিয়ে যায়, তাহলে বিপুল সম্ভাবনার এই দেশের ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড, সেটার বেনিফিট আমরা নিতে পারব। না হলে বেকারের মিছিল বাড়বে।’
তিনি বলেন, ‘আমাদের এই শিল্পগুলাকে টিকিয়ে রাখার জন্য বিগত সেশনে আহ্বান জানিয়েছিলাম যে অন্য ক্ষেত্র থেকে কাট করে হলেও শিল্পে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়। এটাকে বাঁচাতেই হবে। যেখানে বৈদেশিক মুদ্রার রপ্তানির আশীর্বাদ এই খাত থেকে আসে, এটার বড় ধরনের কোনো ক্ষতি হলে গোটা দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এজন্য আমাদের কর্মচারীদের, শ্রমিকদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে, আবার আমাদের শিল্পকেও আমাদের বাঁচাতে হবে।’
তিনি বলেন, ‘এই শিল্পে ৪০ লক্ষের মতো কাজ করেন এবং পরোক্ষভাবে আরো ৪০ লাখ লোক এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত। ধরে নেব আমরা যে ৮০ লাখ ফ্যামিলি এই শিল্পের উপর নির্ভরশীল। যদি প্রতি পরিবারে আমরা চারজন করেও জনসংখ্যা ধরি, তাহলে ৩ কোটি ২০ লক্ষ মানুষ এর উপর নির্ভরশীল। এই যে শ্রমিক যারা আছে, তারা তাদের জীবন চালাবে কীভাবে? তাদের স্টার্টিং স্যালারি যেটা ধরা হয়েছে ১২,০০০ টাকা। একটা ঘরভাড়া নিতেও তো এই পয়সা চলে যাবে। তারপরে খাবার, তার বাচ্চাকাচ্চার লেখাপড়া, অসুস্থ হলে চিকিৎসা, অন্যান্য প্রয়োজন পূরণ কীভাবে করবে সে? কিন্তু শিল্প যদি না বাঁচে, মালিকরা যদি পর্যাপ্ত উৎপাদন করে লাভ না করতে পারেন, তাহলে তারা কোথা থেকে এটার যোগান দেবেন? এজন্য দুই দিকেই আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে।’
তিনি বলেন, ‘কী করা যায়? এর জন্য কিছু শর্ট-টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে, কিছু মিড-টার্ম নিতে হবে, কিছু লং-টার্ম নিতে হবে। কালকে আমাদের মাননীয় কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার বলেছেন যে মিনিমাম আরও তিন দশক এটার বেনিফিট আমরা নিতে পারি, এই সুযোগ আমাদের রয়েছে। এই সুযোগকে সামনে রেখেই আমাদের প্ল্যানে যাওয়া দরকার। প্ল্যানে গিয়ে সেটাকে ওইভাবে সাজানো উচিত। শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এতটুকু অন্তত হোক যে সাদামাটাভাবে তারা বেঁচে থাকতে পারবে। তাদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা আশ্বস্ত হতে চাই। কিন্তু এখানেই ঘোষণা দেওয়া অনেক জিনিস আবার বাস্তবায়িত হচ্ছে না। প্রথম সংসদে অনেক বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে, আজকে চতুর্থ সংসদ পর্যন্ত এর বাস্তবায়ন হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, অগ্রাধিকারের ভিত্তিতে এর বাস্তবায়নটা যেন নিশ্চিত হয়। যদি শ্রমিকরা দেখতে পায় দৃশ্যমানভাবে যে এই সমাজ তাদেরকে ধারণ করে, সম্মান করে, উপলব্ধি করে, তাদের সমস্যা সমাধানে অ্যাটেনশন দিতে রাজি— তাহলে শ্রমিকদের আস্থা বেড়ে যাবে, কাজের স্পৃহা বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, মালিকরা উপকৃত হবেন, দেশ উপকৃত হবে। তো এই ধরনের যে সমস্ত উদ্যোগ নেওয়া হবে, যেগুলা ঘোষণা দেওয়া হবে, সেটা যেন বাস্তবের মুখ দেখে এবং যথাসময়ে দেখে, সেটা আমরা আশা করব।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন