সারাদেশে পতিত ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১০ ঘটিকায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খানসহ বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ, হল সুপারগণ, পরিচালকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা প্রতিবাদ র্যালি ও সমাবেশে অংশগ্রহণের জন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান এবং বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে শত শত শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার দুই বছর পরও আমাদেরকে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন নাশকতার মাধ্যমে আতংকিত করে রাখতে চায়। তারা সুযোগ বুঝে নাশকতা তৈরির চেষ্টা করছে। এজন্য আমাদেরও দায় রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। আামাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা রাস্তায় নামার চেষ্টা করছে। তাই আমি সবাইকে তাদের সকল ধ্বংসাত্বক কর্মকান্ড ও ঘৃণিত পরিকল্পনা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে বর্তমানে যদি কেউ ফ্যাসিবাদী গোষ্ঠীর সাথে যোগ দিয়ে হাবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। তিনি বলেন, আমি সবাইকে সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সার্বিক সহযোগিতা প্রদান করার আহ্বান জানাচ্ছি। হাবিপ্রবি ক্যাম্পাসে চব্বিশের গণ-অভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিষ্ট ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিষয়ে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যেই, জুলাইয়ের হামলাকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিচার নিশ্চিত করতে এ সম্পর্কিত বিভিন্ন কমিটি গঠন ও তাদের অগ্রগতির বিষিয়ে তিনি সকলকে অবহিত করে বলেন, আমরা দোষীদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণে সক্ষম হবো।
প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, দেশের যেকোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে আছি। আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলাম প্রয়োজনে ছাত্রসমাজ এবং আপামর জনতা আবারও রাজপথে নেমে এসে ফ্যাসীবাদী অপশক্তির নাশকতা রুখে দিতে সক্ষম হব। তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পূনরুত্থানের স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দেশের প্রয়োজনে সজাগ ও সচেতন থেকে ফ্যাসিবাদী শক্তির মোকাবিলা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।
ট্রেজারার প্রফেসর ড. মাসুদুল হাসান খান বলেন, "আজকে যে অপশক্তির বিরুদ্ধে আমরা দঁাড়িয়েছি তাদের বিরুদ্ধে লড়াই আজকে নতুন নয়। বিগত ১৭ বছরের প্রতিদিন জাতীয়তাবাদী শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। দীর্ঘ লড়াই শেষে গত জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে নির্বাচিত হয়েছেন। কিন্তু আবারো ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু ভুলে গেলে চলবেনা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার পিতা যেভাবে সংকট থেকে দেশকে উদ্ধার করেছেন সেভাবে তিনিও সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমরা জাতীয়তাবাদী শক্তি সবসময় দেশের জন্য তঁার আহবানে সাড়া দিতে প্রস্তত আছি।"
হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মহিদুল হাসান বলেন, "নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুন্দর দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে তঁার আহবান ছিল আসুন, সকলে মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি। কিন্তু তার এই মেসেজটাকে অনেকে হয়তো খুব দুর্বলভাবে নিয়েছেন। এর সুযোগ নিয়ে কোন সহিংস কর্মকাণ্ড করার চিন্তা করলে জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে চব্বিশের আগস্টে যেভাবে প্রতিরোধ করা হয়েছিলো ঠিক তার পুনরাবৃত্তি ঘটানো হবে।"
ইউট্যাব হাবিপ্রবির সাধারণ সম্পাদক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ’২৪-এ যে যুদ্ধ আমরা করেছিলাম সে যুদ্ধ আমাদের এখনো শেষ হয়নি। সে সময় হাবিপ্রবিসহ প্রতিটি বিশ্ববিদ্যালয় একেকটি অস্ত্রাগারে পরিনত করা হয়েছিল। ফ্যাসিষ্টরা আবারও সেই একই চরিত্র আমাদের সামনে উপস্থাপন করছে। আমরা ভেবেছিলাম তাদের মানবিক গুণাবলীর পরিবর্তন হবে, কিন্তু তাদের কোন পরিবর্তন ঘটেনি। তারা ১৭ বছরে যে ফ্যাসিষ্ট কর্মকান্ড পরিচালনা করেছে তার পূণরাবৃত্তি আমরা দেখেছি, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে। ১৯৭১ সালের ২৬ মার্চ হতে অদ্যবধি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের যে অবদান তা তুলে ধরে তিনি বলেন, ’২৪-এ যেভাবে দেশকে ভালোবেসে ছাত্র-জনতা জীবন দিয়েছেন এমনিভাবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও দেশের জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত আছি।
হাবিপ্রবি ইউট্যাব সভাপতি ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান পতিত ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সহনশীলতা ও সরলতাকে দুর্বল ভাববেন না, আমাদের ক্ষেপাবেন না, আপনারা সাবধান হয়ে যান। সরলতার সুযোগে কোন সহিংসতা চালালে আবারো চব্বিশের ন্যায় কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে-তিনি হুশিয়ারী উচ্চারন করেন।
প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় প্রতিবাদ সবাবেশে আরও বক্তব্য রাখেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, হাবিপ্রবি সাদা দল এর পক্ষে প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর ও প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, অফিসার্স ফোরামের পক্ষে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নূর-এ-আলম সরকার, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম ইমতিয়াজ ফারুক (পিন্টু) এবং জাতীয়তাবাদী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবু। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাবিপ্রবির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এবং সভাপতি মো. এহসানুল কবির অর্নব।
র্যালি পরবর্তী সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে সারাদেশে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অপতৎপরতা পরিচালনা করে জান মালের ক্ষতি সাধনের তীব্র প্রতিবাদ জানান এবং কঠোর হস্তে দমনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ছাত্র-জনতা জীবন দিয়ে হলেও তাদের এসব অপতৎপরতা প্রতিহত করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে আরো বলেন, আপনারা অতিদ্রুত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সহযোগিতা করবেন। দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা চব্বিশের পরাজিত শক্তি পালিয়ে যাওয়া ফ্যাসিষ্টরা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারই উদাহরণ হচ্ছে গোপালগঞ্জ। বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই নাশকতামূলক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কারও পক্ষে করা সম্ভব না। আমরা জাতীয়তাবাদী আদর্শের শক্তি কোন দেশের দাসত্ব করতে এই দেশ স্বাধীন করিনি। আমাদের হৃদয়ে ‘সবার আগে বাংলাদেশ’। তাই সকলেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী গোষ্ঠির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন