দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি উপজেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত কাজ করছে। মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা আফরোজ লুনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নবিরুল ইসলাম চৌধুরী সেনা, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শারিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকারসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন