রংপুরে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগের ৮ জেলায় নতুন করে ৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে বিভাগটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম আফজাল হোসেন (৫০)। তিনি রংপুর মহানগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত ২১ নভেম্বর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আফজাল হোসেনের ভাতিজি খাদিজা বেগম জানান, সোমবার জ্বর নিয়ে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তার বড় চাচা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শানবার তার মৃত্যু হয়।
রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। হাসপাতালে ভর্তির পর থেকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করতে পারেনি। হঠাৎ করে শনিবার রাত ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে তিনি মারা যান বলে তিনি অভিযোগ করেন।
রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একইসঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন