পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়।
অভিযানকালে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় লুকানো মাদক পাওয়া যায়। আটক ব্যক্তিরা তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিলেন।
এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ছাড়াও একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল এবং দুটি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
এবিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন