ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার বন্ধন আরও দৃঢ় করার দিন আজ। ব্যস্ততার ভিড়ে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ, পুরোনো স্মৃতি রোমন্থন কিংবা একান্তে কিছুটা সময় কাটানোর মধ্য দিয়ে উদযাপন করুন বিশেষ এই দিন।
দাম্পত্য জীবন মানেই শুধু এক ছাদের নিচে বসবাস নয়; বরং সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, একে অপরের স্বপ্নের পাশে দাঁড়ানো, বিশ্বাসের জায়গা তৈরি করা এবং জীবনের প্রতিটি বাঁকে হাত ধরে এগিয়ে চলা। সময়ের সঙ্গে সংসারের দায়িত্ব বাড়ে, ব্যস্ততা বাড়ে, জীবনের নানা চ্যালেঞ্জও সামনে আসে। এসবের ভিড়ে কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটির জন্যই আলাদা করে সময় বের করা হয়ে ওঠে না। অথচ একটি সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার পাশাপাশি প্রয়োজন যত্ন, সম্মান, আন্তরিকতা ও পারস্পরিক বোঝাপড়া।
জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সেই বার্তা নিয়েই প্রতিবছর ২২ নভেম্বর উদযাপন করা হয় ‘শুভ দাম্পত্য দিবস’। জাপানে দিবসটি ‘ইই ফুফু নো হি’ নামে পরিচিত। বিবাহিত দম্পতিদের সম্পর্কের বন্ধনকে সম্মান জানানো, স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ানো এবং দাম্পত্য জীবনের ইতিবাচক দিকগুলো উদযাপন করাই এই দিবসের মূল লক্ষ্য। ২০২৬ সালে দিনটি পড়েছে রোববার।
দিবসটি কেবল উপহার দেওয়া কিংবা বিশেষ কোনো আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং প্রতিদিনের ব্যস্ততার বাইরে এসে জীবনসঙ্গীকে নতুন করে উপলব্ধি করা, তাঁর অবদান স্বীকার করা এবং সম্পর্কের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি উপলক্ষ।
শুভ দাম্পত্য দিবসের সূচনা ১৯৮৮ সালে জাপানে। দেশটির উৎপাদনশীলতা কেন্দ্রের উদ্যোগে দিবসটি চালু করা হয়। দাম্পত্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরা এবং বিবাহিত দম্পতিদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
২২ নভেম্বর তারিখটি নির্বাচনের পেছনে রয়েছে জাপানি ভাষার একটি মজার শব্দের খেলা। জাপানে সংখ্যার উচ্চারণের বিভিন্ন ধরন রয়েছে। সেই উচ্চারণের সঙ্গে মিলিয়ে ১১ মাসের ২২ তারিখকে ‘ইই ফুফু’ হিসেবে পড়া যায়। জাপানি ভাষায় ‘ইই’ অর্থ ভালো এবং ‘ফুফু’ অর্থ স্বামী-স্ত্রী বা দম্পতি। অর্থাৎ ‘ইই ফুফু নো হি’ বলতে বোঝায় ‘ভালো দম্পতি দিবস’।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন