6 জন পড়েছেন
হৃদরোগ চিকিৎসায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছালে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। রোগীদের জন্য প্রদত্ত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা-সুবিধা, সেবার মান এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিকতা এবং দায়িত্বশীল সেবার মনোভাব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, স্বচ্ছতা ও সেবার মান অটুট রাখার মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. শেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ এম মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা