9 জন পড়েছেন
দিনাজপুরের বিরল উপজেলার চকবালা মানবসেবা সংঘের উদ্যোগে, এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকেলে ৬নং ভান্ডারা ইউনিয়নের চকবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে করলা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রামপুর যুব সংঘ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন বিরল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. নুর জামাল হোসেন (সোনাহার)।
ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপির ৪নং শহরগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজিমুল ইসলাম।
বিকেলে খেলা শুরুর আগে থেকেই চকবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের ঢল নামে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে রামপুর যুব সংঘ ও করলা যুব সংঘের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। নির্ধারিত সময়ের খেলা শেষে রামপুর যুব সংঘ চ্যাম্পিয়ন এবং করলা যুব সংঘ রানার আপ ট্রফি নিজেদের ঘরে তোলে।
পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি মো. নুর জামাল হোসেন (সোনাহার) বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলা-ধুলার কোনো বিকল্প নেই। চকবালা মানবসেবা সংঘের এই আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক শক্তির সঞ্চার করবে। তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং চকবালা মানবসেবা সংঘের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।