3 জন পড়েছেন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসে। খুদে খেলোয়াড়দের পদচারণায় মাঠজুড়ে এক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিহার্যতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সবল জাতি গঠনে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ক্রীড়ামুখী করতে হবে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথিরাও শিশুদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করেন। সভাপতির বক্তব্যে সুমা খাতুন বলেন, প্রাথমিক পর্যায় থেকেই যদি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্ত করা যায়, তবে তাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা বা টিম স্পিরিট গড়ে ওঠে। এই ধরনের টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতাই নয়, বরং শিক্ষার্থীদের সুস্থ বিকাশের একটি বড় মাধ্যম।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে এক প্রাণবন্ত ও কোলাহলপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারন সম্পাদক মো. নমিরুল ইসলাম সেনা এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলাটি মাঠে গড়িয়েই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের বাকি খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠ খুদে ফুটবলারদের খুঁজে বের করা হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বীরগঞ্জের গৌরব বয়ে আনবে। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শক্তিশালী ভূমিকা রাখবে বলে শিক্ষক সমাজ আশাবাদ ব্যক্ত করেছেন।