1 জন পড়েছেন
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের লক্ষ্যে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন। এ সময় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার স্টলে প্রদর্শিত জলবায়ু-সহনশীল প্রযুক্তিসমূহ তাঁর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। প্রযুক্তিগুলোর কার্যকারিতা, ব্যবহারিক প্রয়োগ এবং সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়ে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এসব প্রযুক্তির বিস্তারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
আরডিএ, বগুড়ার প্রদর্শিত উল্লেখযোগ্য প্রযুক্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত আইওটি (IoT) ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি, পলি হাউসভিত্তিক উচ্চমূল্যের ফসল উৎপাদন ব্যবস্থা, জলবায়ু-সহনশীল মৌচাষ ও রাণী মৌমাছি উৎপাদন প্রযুক্তি, সৌরশক্তিনির্ভর প্রযুক্তি এবং ফ্লাইহুইলভিত্তিক গ্রিন এনার্জি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। এছাড়াও জলবায়ু অভিযোজন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই গ্রামীণ উন্নয়নে সহায়ক আরও বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী প্রদর্শিত প্রযুক্তিগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়নে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে আরডিএর গবেষক ও কর্মকর্তারা প্রদর্শিত প্রযুক্তির বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এর সম্ভাব্য অবদান সম্পর্কে অতিথিবৃন্দকে বিস্তারিত অবহিত করেন।