7 জন পড়েছেন
এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল৷ আমরা কোনমতে তাদের ক্ষমতায় আনতে পারি না৷ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি৷
এসময় পরিদর্শনে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামায়াতের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাইনা।
বিএনপি সংস্কার করতে চাইনা এটা যারা বলেন তারা মিথ্যা কথা বলেন। মিথ্যাচার করবেন না।, জনগণকে ক্ষমা করবে না৷ একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। বলেন তো দলটার নাম কি? খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে৷ নির্বাচনের আগে তারা বলছে এসে গেছে এসে গেছে জামায়াত ক্ষমতায় এসে গেছে। এসেছে ক্ষমতায়, তারা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবেনা৷
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে৷ তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ বলেছিলেন এয়ারপোর্ট হবেই। বলার সাথে সাথে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল৷ আমরা সবাই যাতায়াত করতে পারবনা৷ কিন্তু এটা আমাদের গর্ব। আমরা বলতে পারব আমাদের একটা বিমানবন্দর আছে৷এটি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সবুজ পাতায় ঠাকুরগাঁও বিমানবন্দর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য্য ধরতে হবে। একটু সময় লাগবে৷ এমনভাবে করতে চাইনা যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেটা আমরা রাতদিন পরিশ্রম করব।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।