2 জন পড়েছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সদর ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে এক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার তেঁতুলিয়া ৩ নং সদর ইউনিয়ন পরিষদ চত্বরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি ও মকবুলার রহমান জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
তেঁতুলিয়া ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন সংসদ সদস্যের (এমপি) প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল অফিসার:
ডাঃ ফজলে হাসান সিদ্দিকী (নাঈম) (এমবিবিএস, পিজিটি-মেডিসিন, সিসিভিডি-হৃদরোগ, সিসিডি-ডায়াবেটিস, সিসিএইচ-উচ্চ রক্তচাপ, সি.আল্ট্রা)
ডাঃ মোঃ ফেরদৌস কামাল (এমবিবিএস, সিসিডি-ডায়াবেটিস, পিজিটি-মেডিসিন)
দিনব্যাপী এই ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়। এছাড়া মেডিসিন, থাইরয়েড, হৃদরোগ, শ্বাসকষ্ট, স্ট্রোক, বাত-ব্যথা, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সেবা নিতে আসা গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এলাকার সাধারণ ও অসহায় মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরণের নিয়মিত উদ্যোগ তেঁতুলিয়া উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সুচিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।