6 জন পড়েছেন
দিনাজপুরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল-পিস স্কুল এন্ড কলেজের বিজ্ঞান মেলা। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী এ মেলায় ছিল নানা উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী।
শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে দিনাজপুরের ইন্টারন্যাশনাল-পিস স্কুল এন্ড কলেজ আয়োজন করে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা।
শনিবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর।
মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সোহেল রানা, এক্সিকিউটিভ সেক্রেটারি, ইন্টারন্যাশনাল-পিস স্কুল এন্ড কলেজ। এবারের বিজ্ঞান মেলায় ৮৫টি স্টল অংশগ্রহণ করে এবং ৪ শতাধিক শিক্ষার্থী তাদের উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। বিভিন্ন স্টলে পরিবেশ, তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি ও বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
দিনব্যাপী প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ মোট ৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকদের প্রত্যাশা, এমন বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।