3 জন পড়েছেন
তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকেই সবচেয়ে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার (২৫ জুলাই) রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষকরা সমাজের দর্পণ ও জাতির মেরুদণ্ড। কোনো শিক্ষার্থী বিপথগামী হলে তাকে ঘৃণা নয়, ভালোবাসা, মানবিকতা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।”
নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব যেন কখনো অহংকারের কারণ না হয়। সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে।
স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সরকারি টিটিসি শুধু রাজশাহীর নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে অসংখ্য গুণী শিক্ষাবিদ তৈরি করেছে। তিনি জানান, তাঁর স্ত্রীসহ পরিবারের অনেক সদস্যও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।
প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, রাজশাহী টিটিসির জন্য একটি বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি কলেজের খেলার মাঠকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করার আশ্বাসও দেন তিনি।
ভূমিমন্ত্রী শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের বরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।