জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লার বড় ছেলে। অভিযুক্ত নবীনুর তার ছোট ভাই। পারিবারিক ও জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবীনুর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত নবীনুরকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত নবীনুরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন