দিনাজপুর শহরের বিভিন্ন প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে পৌর প্রশাসন।
শনিবার সকাল ১১টার দিকে শহরের কোতোয়ালি থানার সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়কের দুই পাশে পৌরসভার জায়গা দখল করে তৈরি করা বেশ কয়েকটি দোকানপাটসহ অন্যান্য অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) হাফিজুর রহমান সরকার।
অভিযান শেষে পৌর প্রশাসক হাফিজুর রহমান সরকার জানান, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে অনেকে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করেছেন। এমনকি অনেকে নতুন করে স্থাপনা নির্মাণ করে জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। শহরকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে প্রতি শনিবার সকাল থেকে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পৌরসভার জায়গা অবৈধভাবে দখল করে কোনো স্থাপনা রাখা বা নতুন করে দখল নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। শহরের বিভিন্ন সড়কে থাকা সব অবৈধ স্থাপনা না সরানো পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন