দিনাজপুর-৬ আসনের ২৬টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের মাঝে ফুটবল ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির কার্যালয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কমিটির সদস্য সহযোগী অধ্যাপক আলহাজ্ব মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হাবিব রিটন, আনোয়ারুল ইসলাম রুবেল, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মোরশেদ মানিকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনাজপুর-৬ আসনের আওতাধীন বিভিন্ন এলাকার মোট ২৬টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। খেলোয়াড়দের উৎসাহিত করতে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমান গণমাধ্যমকর্মীদের জানান, আগামী ৩ অক্টোবর দুপুরে বিরামপুর বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির।
আয়োজকরা আশা করছেন, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও বৃদ্ধি পাবে এবং তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ ও সম্পৃক্ততা বাড়বে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন