গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে রোববার সন্ধ্যায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছেন। এঘটনায় ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সোমবার সকালে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান।
আহতরা হলেন- জিগাবাড়ী গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আব্দুল আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে হাসান মিয়া (৭)। এছাড়া তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী লিলি বেগম (৩৫), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), আব্দুল হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬) আহত হয়েছেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। পরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা একে একে ৯ জনকে কামড় দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে আশঙ্কাজনক লিলি বেগমকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। যদিও আরও অন্তত ৪ জনকে ভর্তি করতে বলা হয়েছিল হাসপাতাল সংশ্লিষ্টদের।
এব্যাপারে হাসপাতালে ভর্তি থাকা গুরতর আহত লিলি বেগমের সাথে মোবাইল ফোনে সন্ধ্যার দিকে জমির আইলে সাদেক হোসেন নামের তাদের এক প্রতিবেশীকে শিয়ালটি কামড়াতে থাকে। এ অবস্থা দেখে লিলি বেগম তাকে আগাইতে গেলে শিয়ালটি লিলি বেগমের কপালে কামড়ে গোশত ছিঁড়ে নেয়। তিনি আরও জানান, সাদেক হোসেনের গাল ও কপালে কামড়িয়েছে শিয়ালটি। তারা ২ জনেই হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে, শিয়ালের তাণ্ডবের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানা গেছে।
জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হসপিটালের মেডিকেল অফিসার ডা. সাদিয়া স্নিগ্ধা বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জনের মুখ, ঠোঁট ও কপালে কামড়ের ক্ষত রয়েছে। রাবেয়া বেগমের অবস্থা গুরুতর। লিলি বেগমের অবস্থাও আশঙ্কাজনক, কপালে বড় ক্ষত হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন