1 জন পড়েছেন
দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে|
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে|
পরে র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন| উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ফলের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে খোঁজখবর নেন|
মেলায় উপজেলা কৃষি অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বৃহৎ স্টলে শতাধিক জাতের দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়| প্রদর্শিত ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, আনারসসহ নানা জাতের ফল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে|
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার খাতিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদ ইসলাম ও মোছাঃ মাহমুদা আক্তার মিতালী, সফল কৃষি উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
আয়োজকরা জানান, ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের বাণিজ্যিকভাবে ফল উৎপাদনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য| মেলাটি আগামী তিন দিনব্যাপী চলবে|