নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৩৮) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্কুলপড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম সৈয়দপুরের ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা। তার মেয়ে সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সুপ্তির মা একই বিদ্যালয়ের শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। পথে ওয়াপদা মোড় গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসটি মোটরসাইকেলসহ আরিফুলকে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় মেয়ে সুপ্তি।
পরে স্থানীয়রা সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম সড়কটিতে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার-ফেস্টুন অপসারণের দাবি জানান।
অবরোধের কারণে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীগামী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ চলার পর তারাগঞ্জ হাইওয়ে থানা, সৈয়দপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে আলোচনা পর বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে দশমাইল হাইওয়ে এলাকায় আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন