3 জন পড়েছেন
নিষিদ্ধ ঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পারন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুরে দিনাজপুর জেলা স্কুলের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জুলাই আন্দোলনের সম্মুখসারির গুলিবিদ্ধ আহত যোদ্ধা ও “আমরা জুলাই যোদ্ধা” দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. শাহীন এবং সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মোঃ শাহীন বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার হরণ করে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন কায়েমের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছিল। তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক কর্মসূচি দমনে নানা সময়ে হামলা, মামলা, গুম, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকতে হবে এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা।
অবস্থান কর্মসূচি শেষে দিনাজপুর জিলা স্কুলের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর জিলা স্কুলের সামনে এসে শেষ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।